উল্লাপাড়ায় দুর্গানগর ও সলপ ইউনিয়নের যৌথ উদ্যোগে তিন দিনের পানসি নৌকা বাইচ শুরু
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্গানগর ও সলপ ইউনিয়নের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী পানসি নৌকা বাইচ প্রতিযোগিতা।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে উল্লাপাড়া সোনতলা ব্রিজ সংলগ্ন করতোয়া নদীর তীরে বর্ণাঢ্য আয়োজনে এই বাইচের উদ্বোধন করা হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে নদীর দুই পাড়ে হাজারো দর্শকের ঢল নামে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দুইবারের সংসদ সদস্য এম আকবর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব সাইফুল ইসলাম শাহিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্গানগর ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সলপ ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিরাজগঞ্জ জেলা তাঁতীদলের সহ-সভাপতি ও উল্লাপাড়া উপজেলা তাঁতীদলের সভাপতি এবং আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ইউসুফ সরকার।
এ বিষয়ে গণমাধ্যমকে জনাব ইউসুফ সরকার বলেন, "আমরা দীর্ঘদিন যাবত মাদকবিরোধী কার্যক্রম করে আসছি। মানুষ গ্রাম বাংলার চিরচেনা রূপ ও গ্রাম্য সংস্কৃতি ভুলে যেতে বসেছে। তাই আমরা যুব সমাজকে চিরায়ত সংস্কৃতি উপহার দিতে পেরে নিজেদের মধ্যে ভালো লাগছে। আশা করি আগামী দিনে এই নৌকা বাইচ আরও উন্নতভাবে মাসব্যাপী আয়োজন করবো, ইনশাআল্লাহ।"
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে ১৪টি পানসি নৌকা অংশ নিচ্ছে। শেষ দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
আজকের বার্তা





মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।