ঢাকায় বাসের রুট ৯৮ থেকে কমিয়ে করা হচ্ছে ৩২
১৫ অক্টোবর ২০২৬, ঢাকা | আজকের বার্তা
রাজধানী ঢাকার গণপরিবহনে দীর্ঘদিনের বিশৃঙ্খলা ঠেকাতে বড় উদ্যোগ নিচ্ছে সরকার। বর্তমানে ঢাকায় চলাচল করা ৯৮টি বাস রুট কমিয়ে ৩২টি করার পরিকল্পনা করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
কী থাকছে নতুন পরিকল্পনায়:
নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে ‘এক রুট, এক কোম্পানি’। অর্থাৎ একটি রুটে একটি কোম্পানির বাসই চলবে। একই রাস্তায় একাধিক কোম্পানির বাসের অসুস্থ প্রতিযোগিতা, যেখানে সেখানে যাত্রী ওঠানামা এবং এক বাস দিয়ে আরেক বাসকে আটকে রাখার মতো নৈরাজ্য বন্ধ করতেই এই উদ্যোগ।
ডিটিসিএ জানায়, নতুন নেটওয়ার্কের প্রায় ৭০% বর্তমান রুটের সাথে মিল রেখে তৈরি করা হয়েছে। প্রতিটি রুটে কত বাস লাগবে, কোথায় কাউন্টার, ডিপো ও নির্দিষ্ট স্টপেজ থাকবে, বাসের মান কেমন হবে তা ঠিক করবে কর্তৃপক্ষ। থাকবে কাউন্টারভিত্তিক টিকিট, ই-টিকেটিং ও জিপিএস ট্র্যাকিং।
কবে থেকে শুরু:
ডিটিসিএর ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম জানান, সম্মিলিত উদ্যোগে ছয় মাসের মধ্যে পরিকল্পনাটি বাস্তবায়নের একটি পর্যায়ে পৌঁছানো সম্ভব।
পরিকল্পনা অনুযায়ী চলতি সপ্তাহেই দুটি রুটে পরীক্ষামূলকভাবে একক কোম্পানির বাস চালু হতে পারে। এর একটি আজিমপুর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে বিমানবন্দর দিয়ে গাজীপুর পর্যন্ত। অন্য রুট হিসেবে মোহাম্মদপুর-চট্টগ্রাম রোড এবং মিরপুর-মাওয়া করিডর নিয়ে আলোচনা চলছে।
কেন এই উদ্যোগ:
ডিটিসিএর সমীক্ষায় দেখা গেছে, রাজধানীর প্রায় ৪ হাজার কিলোমিটার সড়কের মধ্যে মাত্র ২৮০ কিলোমিটার বাস চলাচলের উপযোগী। ৯৮টি রুটে জরিপ ও ৫২টি স্থানে ৭২ ঘণ্টা যানবাহন গণনা করে এই নতুন পরিকল্পনা করা হয়েছে। পুরোনো ও ফিটনেসবিহীন বাস বাদ দেওয়া হবে।
মালিক ও বিশেষজ্ঞদের মত:
ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ব্যবস্থা চালু করা সম্ভব, তবে এর জন্য সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা প্রয়োজন।
যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, টেকসই ব্যবসায়িক মডেল ও কার্যকর নজরদারি ছাড়া এই উদ্যোগ টেকানো কঠিন। লেগুনাসহ ছোট যানবাহন নিয়ন্ত্রণ করতে হবে।
এর আগে ঘাটারচর-কাঁচপুর রুটে একই উদ্যোগ ব্যর্থ হয়েছিল। তবে এবার মালিক, শ্রমিক ও সরকার সব পক্ষের সম্মতি থাকায় সফলতার আশা করছে ডিটিসিএ।
আজকের বার্তা







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।