কুমিল্লায় জমি বিরোধের জেরে যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে মো. কাউছার আলম (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১১টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ছত্রখিল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত কাউছার কুমিল্লা মহানগরীর ৪ নং ওয়ার্ড যুবদলের নেতা এবং জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কবির হোসেনের ছোট ভাই। তিনি নগরীর কাপ্তানবাজার এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছত্রখিল এলাকায় একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলছিল। বৃহস্পতিবার ওই জমি নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমিতে একটি রেস্টুরেন্ট নির্মাণের কাজ চলছিল। কাউছার সেখানে গিয়ে নিজেদের অংশ দাবি করে কাজে বাধা দেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার সাথে থাকা অটোরিকশা চালক মাসুম মিয়াও আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা ট্রমা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
এদিকে হত্যাকাণ্ডের পর ছত্রখিল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও ডিবি পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। আব্দুল্লাহ আল মুতি বাবু বার্তা সম্পাদক আজকের বার্তা







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।