পোশাক শ্রমিক আন্দোলনে ভিডিও করায় সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভের ঘটনা কভার করতে গিয়ে এক সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে।
জানা গেছে, শনিবার (১ নভেম্বর) সকালে মিরপুর এলাকায় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। সে সময় মাঠে থাকা কয়েকজন সাংবাদিক ঘটনার ভিডিও ধারণ করছিলেন।
অভিযোগকারী এক মাল্টিমিডিয়া সাংবাদিক জানান, তিনি ভিডিও ধারণ করার সময় মিরপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম তার কাছে ফোন চান। তিনি ফোন দিতে অস্বীকৃতি জানালে ওই কর্মকর্তা জোর করে তার হাত থেকে ফোনটি নিয়ে নেন। পরে সাংবাদিক পরিচয়পত্র দেখিয়েও ফোনটি ফেরত পাননি। দীর্ঘ সময় পার হলেও ফোনটি এখনো ফেরত দেওয়া হয়নি।
একই সময়ে অন্য আরেক গণমাধ্যম কর্মীকেও ভিডিও করতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে ঘটনাস্থল থেকে সরে যেতে বলা হয়।
এ বিষয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ফোন কেড়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি কোনো সাংবাদিকের সঙ্গে এমন আচরণ করা হয়ে থাকে, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভ দেখা দিয়েছে।
— আজকের বার্তা ২৪ বিডি







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।