সাঁথিয়ায় স্থায়ী ইমামকে বাদ দিয়ে জামায়াত নেতার ভাতিজা ব্যাংক কর্মকর্তাকে সরকারি ইমাম হিসেবে নিয়োগের অভিযোগ*
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পুন্ডুরিয়া গ্রামের পূর্বপাড়া পুরাতন জামে মসজিদে স্থায়ী ইমামকে বাদ দিয়ে এক ব্যাংক কর্মকর্তাকে সরকারিভাবে ইমাম হিসেবে নিয়োগের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুন্ডুরিয়া পূর্বপাড়া পুরাতন জামে মসজিদে প্রায় ১৫ বছর ধরে ইমামতি করে আসছেন ওই গ্রামেরই মাওলানা আব্দুল কাদের। অথচ সরকারি নিয়োগের তালিকায় তার নাম বাদ দিয়ে এক ব্যাংক কর্মকর্তাকে সরকারি ইমাম হিসেবে নিয়োগ দেখানো হয়েছে।
অভিযুক্ত ব্যক্তি হলেন করমজা ৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও পুন্ডুরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল ওয়াদুদ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার আপন চাচাতো ভাই ব্যাংক কর্মকর্তা আঃ রউফকে এই পদে নিয়োগ পাইয়ে দিতে সুপারিশ করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, এই নিয়োগের উদ্দেশ্য হলো গোপনে সরকারি ভাতার টাকা আত্মসাৎ করা। যাতে স্থানীয় মুসল্লিরা বিষয়টি জানতে না পারে সেজন্য গোপনে এই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
এছাড়াও স্থানীয়রা জানান, মাওলানা আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে এর আগেও ওই মসজিদে যাওয়ার রাস্তা বন্ধ করা, মসজিদের তহবিলের অর্থ আত্মসাৎ ও মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। অপরদিকে ব্যাংক কর্মকর্তা আঃ রউফের বিরুদ্ধেও এলাকায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার গুঞ্জন রয়েছে।
একজন ব্যাংক কর্মকর্তা হয়ে কিভাবে সরকারি ইমাম হিসেবে নিয়োগ পেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় মুসল্লিরা। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আজকের বার্তা







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।