অভিযোগ জানাতে গিয়ে থানার ভেতরেই নারীকে ধর্ষণের অভিযোগ, কনস্টেবল গ্রেপ্তার, ওসিসহ ৫ পুলিশ সাসপেন্ড
আন্তর্জাতিক ডেস্ক:
নিরাপত্তার জন্য থানায় গিয়ে থানার ভেতরেই ধর্ষণের শিকার হওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ভারতের ঝাড়খণ্ডে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজারের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গত ২৯ অক্টোবর রাতে ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসাওয়ান জেলার গামহারিয়া থানায়।
ভুক্তভোগী নারীর অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে পারিবারিক কলহের পর মারধরের ভয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। সেখান থেকেই তিনি পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করে সহায়তা চান। খবর পেয়ে পুলিশের একটি পিসিআর ভ্যান তাকে থানায় নিয়ে আসে।
থানায় পৌঁছানোর পর রাত হয়ে যাওয়ায় দায়িত্বে থাকা কর্মকর্তা তাকে বিশ্রামের জন্য থানার ভেতরেই একটি কক্ষে থাকতে দেন। অভিযোগে বলা হয়, ওই কক্ষেই থানার ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত এক কনস্টেবল তার ওপর হামলা চালায়।
ঘটনার পর ভুক্তভোগী থানাতেই লিখিত অভিযোগ দায়ের করেন।
বিষয়টি জানতে পেরে জেলার পুলিশ সুপার মনোজ স্বর্গিয়ারি দ্রুত তদন্তের নির্দেশ দেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসডিপিও অনুভব ভরদ্বাজকে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের নির্দেশে তাকে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।
একই সাথে দায়িত্বে অবহেলা, দায়িত্বজ্ঞানহীন আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গামহারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ মোট ৫ জন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় অভিযুক্তের পরনে থাকা পোশাক জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য রাঁচি ল্যাবে পাঠানো হয়েছে।
এই ঘটনায় ঝাড়খণ্ডের রাজনৈতিক অঙ্গনেও তোলপাড় শুরু হয়েছে। বিরোধী দল বিজেপি অভিযোগ করেছে, রাজ্যে পুলিশ প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ না থাকায় এমন ঘটনা ঘটছে।
আজকের বার্তা







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।