উল্লাপাড়ায় জামাত নেতা কর্মীদের বিরুদ্ধে সরকারি খেলার মাঠ দখল করে চাষাবাদের অভিযোগ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের নওকৈড় গ্রামে সরকারি খেলার মাঠ দখল করে চাষাবাদের অভিযোগ উঠেছে স্থানীয় চার জামাত নেতার বিরুদ্ধে। এতে গ্রামের শিশু-কিশোরদের খেলাধুলার জায়গা সংকুচিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অভিযোগ উঠেছে, নওকৈড় গ্রামের মোঃ হেকমত আলী সরকার (৯ নং ওয়াড জামাত সভাপতি) মোঃ আল আমিন সরকার(সহ সভাপতি) মোঃ হারান সরকার (জামাত নেতা)ও মোঃ তোফাজ্জল সরকার (জামাত নেতা) সরকারি খাসজমি হিসেবে পরিচিত ওই মাঠ দখল করে চাষাবাদের উদ্যোগ নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিটি সরকারি খাসজমি। সরকারি আবাসন প্রকল্পের আওতায় গুচ্ছগ্রাম নির্মাণের উদ্দেশ্যে সেখানে মাটি ফেলে রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরে গ্রামের ছেলেরা ওই জায়গায় খেলাধুলা করে আসছিল। তবে সম্প্রতি জমিটি দখল করে আবাদ করার উদ্যোগ নেওয়ায় মাঠটি হারানোর আশঙ্কা করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি, সরকারি জমিটি যেন কোনো ব্যক্তি নিজেদের দখলে নিয়ে চাষাবাদ করতে না পারেন, সে বিষয়ে প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন। একই সঙ্গে মাঠটি শিশু-কিশোরদের খেলাধুলার উপযোগী রাখা এবং সরকারি জমির সঠিক ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
সরকারি খাসজমির মালিকানা, বর্তমান অবস্থা এবং জমিটি দখল করে চাষাবাদের অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। এ বিষয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।