উল্লাপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সকল পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সংশ্লিষ্ট সকলের দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, পৌর বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন, উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. আনিছুর রহমান লিটন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানা পুলিশ, আনসার-ভিডিপি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, উল্লাপাড়া সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিম সবাই মিলেমিশে সকল ধর্মীয় উৎসব পালন করে আসছে। আসন্ন দুর্গাপূজা যাতে আনন্দঘন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। মণ্ডপে মণ্ডপে পুলিশ, আনসার সহ গ্রাম পুলিশ মোতায়েন থাকবে। দর্শনার্থীদের নিরাপদ চলাচল, ইভটিজিং রোধ, শব্দ দূষণ নিয়ন্ত্রণ এবং কোনো ধরনের গুজব বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য সার্বক্ষণিক মনিটরিং টিম কাজ করবে।
এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং কোনো অপশক্তি যাতে পূজার পরিবেশ নষ্ট করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।
আজকের বার্তা







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।