এই সেই তানভীর ইমাম, যার জুতা টানার জন্য পুলিশে প্রতিযোগিতা ছিল: সাবেক ছাত্রলীগ নেতার স্মৃতিচারণা
নিজস্ব প্রতিবেদক, আজকের বার্তা:
২০২২ সালের ১৭ এপ্রিল রাতের একটি ঘটনার স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন সাবেক এক ছাত্রলীগ নেতা। বর্তমানে তিনি পর্তুগালে অবস্থান করছেন। তার পোস্টটি এখন ভাইরাল।
স্ট্যাটাসে তিনি লিখেন, "২০২২ সালের ১৭ এপ্রিল রাত ১০:৩০-এ আমি বাসায় যাই। আম্মা খিচুড়ি রান্না করছিলেন। গেটের সামনে ফোনে কথা বলছিলাম, ঠিক ওই সময় ২০-২৫ জন পুলিশ তদন্ত ওসির নেতৃত্বে হাজির হয়।"
তিনি দাবি করেন, সেদিন পুলিশ তার বাসায় ঢুকে তাকে খোঁজে। তার মা উপস্থিত থাকা সত্ত্বেও দেয়ালে ছবি দেখে পুলিশ তাকে শনাক্ত করে। প্রায় ৩০ মিনিট তর্কাতর্কির পর তাকে থানায় নিয়ে যাওয়া হয় বলে তিনি উল্লেখ করেন।
ওই ছাত্রনেতার ভাষ্য অনুযায়ী, রাত গভীর হওয়ার সাথে সাথে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে জেলার গুরুত্বপূর্ণ নেতা ও তার দুই মামা থানায় আসেন। ভোর হওয়ার আগে উল্লাপাড়া ছেড়ে চলে যাবেন এমন মুচলেকায় তাকে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও লেখেন, ওই রাতে একজন ওসি তাকে গ্রেফতারের পক্ষে ছিলেন না এবং পরদিন ওই ওসিকে বদলি করে দেওয়া হয় বলে তিনি দাবি করেন। ওই পুলিশ কর্মকর্তার জন্য তিনি এখনও দোয়া করেন বলেও জানান।
স্ট্যাটাসের শেষ অংশে তিনি বর্তমান প্রেক্ষাপট টেনে লেখেন, "আজ আমি সেঞ্জেন কান্ট্রি পর্তুগালে বৈধভাবে ভালো ইনকাম করছি, আর আপনি জেলে। সেই পুলিশই আপনাকে ধরে নিয়ে যাচ্ছে। এটাকেই বলে সময়। সময় আসলেই জাদুকর। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।"
তার এই পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন, ক্ষমতার অপব্যবহারের পরিণতি একদিন সবাইকেই ভোগ করতে হয়।
আজকের বার্তা
নির্বাহী সম্পাদক
মোঃ খোকন মিয়া







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।