সৌভাগ্যবান ১৭ জনের জন্য বাজারে এলো আইফোন, দাম কত?
নিজস্ব প্রতিবেদক, আজকের বার্তা:
বিশ্বের সৌভাগ্যবান মাত্র ১৭ জনের জন্য বিশেষ ডিজাইনের আইফোন বাজারে এনেছে বিলাসবহুল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ক্যাভিয়ার (Caviar)। প্রতিষ্ঠানটি অ্যাপলের আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স মডেলকে নতুনভাবে কাস্টমাইজ করেছে।
জানা গেছে, এই বিশেষ সংস্করণে ফোনের বডিতে ব্যবহার করা হয়েছে অ্যারোস্পেস গ্রেড টাইটানিয়াম, ১৮ ও ২৪ ক্যারেট স্বর্ণের প্রলেপ এবং আসল হীরা। একটি মডেলে অ্যাপল লোগোর ভেতরে বসানো হয়েছে ৮৪টি প্রাকৃতিক হীরা। আরেকটি মডেলে রয়েছে ঢেউ খেলানো রূপালী টাইটানিয়াম ডিজাইন।
দাম কত? ক্যাভিয়ার জানিয়েছে, এই লিমিটেড এডিশনের দাম শুরু হচ্ছে ৯ হাজার ডলার থেকে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১১ লাখ টাকা। সর্বোচ্চ ভার্সনের দাম ১৯ লাখ টাকা পর্যন্ত। সবচেয়ে দামি 'পিঙ্ক লোটাস' ও 'জবস এডিশন' সংস্করণে স্টিভ জবসের বিখ্যাত কালো টার্টলনেক সোয়েটারের একটি অংশ পর্যন্ত সংরক্ষণ করা হয়েছে, যার সাথে থাকছে সার্টিফিকেট।
কেন মাত্র ১৭ জন? কোম্পানিটি জানিয়েছে, এক্সক্লুসিভিটি ধরে রাখতে বিশ্বব্যাপী মাত্র ১৭টি ইউনিট তৈরি করা হয়েছে। প্রতিটি ফোনের পেছনে খোদাই করে লেখা থাকবে সিরিয়াল নম্বর। সাথে থাকবে ২৪ ক্যারেট স্বর্ণের চাবি দিয়ে খোলা যায় এমন প্রিমিয়াম বক্স ও সার্টিফিকেট।
এই ফোন সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়, মূলত কালেক্টর ও বিলাসবহুল পণ্য প্রেমীদের জন্য তৈরি।
আজকের বার্তা নির্বাহী সম্পাদক মোঃ খোকন মিয়া







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।