ভূমি জটিলতায় থমকে আছে দুই গ্যাস কূপের অনুসন্ধান — ডুপিটিলা-১ ও কৈলাশটিলা-৯ খনন প্রকল্প
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
দেশের গ্যাস সংকট কমাতে নেওয়া সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) গুরুত্বপূর্ণ দুটি অনুসন্ধান কূপ ডুপিটিলা-১ ও কৈলাশটিলা-৯ এর খনন প্রকল্প ভূমি জটিলতায় আটকে আছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বারগাতি মৌজায় এই দুই কূপ খননের জন্য প্রায় ৭.৮২ একর ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি চিহ্নিত করা হয়েছে। ২০২৪ সালের অক্টোবর-নভেম্বর থেকে প্রকল্পের কাজ শুরুর উদ্যোগ নেওয়া হলেও জমির মালিকরা স্থায়ী অধিগ্রহণের দাবিতে আপত্তি জানিয়েছেন।
এ অবস্থায় প্রকল্পটি তিনটি বড় সংকটে পড়েছে:
১. সিদ্ধান্তের পরও ডিপিপি সংশোধনে দীর্ঘসূত্রতা: খননের সিদ্ধান্ত হলেও উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) এখনো সংশোধন হয়নি।
২. আর্থিক অগ্রগতি মাত্র ৮.৩৯%: প্রাক্কলিত ব্যয়ের বিপরীতে এ পর্যন্ত অগ্রগতি হয়েছে মাত্র ৮.৩৯ শতাংশ, ফলে মাঠ পর্যায়ে কাজ শুরু করা যাচ্ছে না।
৩. ভূমি হুকুম দখল নিয়ে বিরোধ: জেলা প্রশাসন ২০ ধারায় হুকুম দখলের নোটিশ দিলেও কৃষকরা বলছেন আইন অমান্য করে জমি ভরাটের চেষ্টা চলছে। এ নিয়ে গত ২ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক হলেও সমাধান হয়নি।
এসজিএফএল বলছে, এই দুই কূপ থেকে ৫৬ বিসিএফ গ্যাস পাওয়ার আশা রয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে দৈনিক জাতীয় গ্রিডে অতিরিক্ত ৩ কোটি ঘনফুট গ্যাস যোগ হবে। বর্তমানে এসজিএফএলের ১৭টি কূপ থেকে ১৪ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে।
এসজিএফএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন বলেন, দেশীয় গ্যাসের অনুসন্ধান বাড়ানো না গেলে এলএনজি আমদানির ওপর নির্ভরতা আরও বাড়বে।
আজকের বার্তা







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।