চট্টগ্রামে স্টিল কারখানায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, আজকের বার্তা:
চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ফারম্যাক স্টিল লিমিটেড কারখানায় ফার্নেসের ত্রুটিতে গলিত লোহা ছিটকে দগ্ধ হওয়ার ঘটনায় চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর দুপুরে এই দুর্ঘটনায় মোট ৪ জন দগ্ধ হন। তাদের মধ্যে নিহতরা হলেন চীনা প্রকৌশলী জেংলিং হং (৫৩), শ্রমিক শরিফুল ইসলাম (২৭) ও মনির হোসেন (২৭)।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর তাদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শরিফুল ও জেংলিং হংকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় ১ অক্টোবর সকালে ঢাকায় মারা যান শরিফুল ইসলাম, একই দিন রাতে চট্টগ্রাম মেডিকেলে মারা যান মনির হোসেন। সর্বশেষ ২ অক্টোবর সকালে ঢাকার বার্ন ইনস্টিটিউটে মারা যান চীনা প্রকৌশলী জেংলিং হং।
নিহত শরিফুল খাগড়াছড়ির মাটিরাঙ্গার আমতলা ইউনিয়নের বাসিন্দা। রেখে গেছেন দুটি ছোট সন্তান। আহত আরেক শ্রমিক জুয়েল (৩৬) চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন, তার অবস্থা আশঙ্কামুক্ত।
কারখানা কর্তৃপক্ষ বলছে, এটি বয়লার বিস্ফোরণ নয়, ফার্নেসের ত্রুটি থেকেই গলিত লোহা ছিটকে এই দুর্ঘটনা ঘটে। এদিকে নিহতের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।
জোরারগঞ্জ থানার ওসি জানান, পরিবার মামলা না করলেও পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।