উল্লাপাড়ায় মাদক-জুয়ার বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যের ডাক: লেখক পরিষদের আলোচনা সভা
বিদ্যালয় মাঠে গরু-ছাগল চরানো বন্ধ, অশ্লীল গান-বাজনা ও ক্লিনিক-বাজার সিন্ডিকেট বন্ধের দাবি
জনগণের স্বার্থে দলমত নির্বিশেষে মাদক, জুয়া ও সকল অন্যায়ের বিরুদ্ধে ঐক্যের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে উল্লাপাড়া লেখক পরিষদের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন লেখক পরিষদের সভাপতি জনাব সেলিম রেজা।
সভায় উপস্থিত ছিলেন উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান লিটন, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আবু শাহিন রেজা মুন্সি, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আশরাফুল ইসলাম, জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা সেক্রেটারি জেনারেল মোঃ খায়রুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক কবিরুল ইসলাম, দৈনিক আজকের বার্তা ২৪ বিডির ব্যবস্থাপনা সম্পাদক এরশাদ বিন মজিদ ও লেখক পরিষদের সাধারণ সম্পাদক সহ শিক্ষক সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, "উল্লাপাড়ার প্রতিটি মহল্লায় ও গ্রামে মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। মাদকের কারণে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও পারিবারিক কলহ দিন দিন বাড়ছে। অনলাইন জুয়া মাদক বিস্তারের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।"
বক্তারা আরও বলেন:
১. বিভিন্ন অনুষ্ঠানের নামে অশ্লীল গান-বাজনা ও নাচ বন্ধ করতে হবে।
২. বিদ্যালয় মাঠে গরু-ছাগল চরানো বন্ধ করে মাঠগুলো খেলার উপযোগী করে তুলতে হবে।
৩. জনগণের স্বার্থে বাজার ও ক্লিনিক সিন্ডিকেট বন্ধ করতে হবে।
৪. রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।
৫. সাংবাদিক কোনো দলের হতে পারে না — এই বিষয়ে সাংবাদিকদের আরও সচেতন হতে হবে।
৬. বিভিন্ন ফার্মেসিতে ন্যায্য মূল্যে ওষুধ বিক্রি নিশ্চিত, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধসহ সকল নিয়মবহির্ভূত কার্যক্রম বন্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানানো হয়।
সভা শেষে উল্লাপাড়াকে মাদকমুক্ত, জুয়ামুক্ত ও শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
---
"উল্লাপাড়ায় মাদক-জুয়ার বিরুদ্ধে সর্বদলীয় ঐক্যের ডাক" —লেখক পরিষদ উল্লাপাড়া







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।