মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
জাতীয়

ব্যাংকের ছুটি ১দিন করার দাবি দোকান মালিক সমিতির

ব্যাংকে গ্রাহকদের প্রচন্ড চাপছবি: আজকের বার্তা

ব্যাংকের সাপ্তাহিক ছুটি এক দিন করার দাবি দোকান মালিক সমিতির*

*নিজস্ব প্রতিবেদক | আজকের বার্তা ২৪ বিডি* প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, রবিবার

দেশের সকল বাণিজ্যিক ব্যাংকের সাপ্তাহিক ছুটি দুই দিন থেকে কমিয়ে এক দিন করার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

শনিবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে:

১. ছুটির ফাঁদ: ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি রোধে কোনোভাবেই দেশকে ছুটির ফাঁদে ফেলা যাবে না। বিদ্যুৎ, পানি, গ্যাস, থানা ও হাসপাতালের মতো জরুরি সেবা যেমন বন্ধ রাখা যায় না, তেমনি ব্যাংকও এক দিনের বেশি বন্ধ রাখা উচিত নয়।

২. দীর্ঘ ছুটির অভিযোগ: বিভিন্ন অজুহাতে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে অতিরিক্ত এক দিন ব্যাংক বন্ধ রাখা হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে বন্ধের দিন খোলা রেখে বৃহস্পতিবার বা রোববার বন্ধ ঘোষণা করে দীর্ঘ ছুটির ফাঁদ তৈরি করা হয়।

৩. ১২০-১৩০ দিন বন্ধ: ব্যাংক একটি আর্থিক সেবামূলক খাত। দুই দিন সাপ্তাহিক ছুটি, সেই সঙ্গে ঈদুল ফিতর, ঈদুল আজহা, পূজা, বড়দিনসহ বিভিন্ন পর্বে সরকারি ছুটি মিলিয়ে বছরে ১২০-১৩০ দিন ব্যাংক বন্ধ থাকে। ফলে ব্যাংকিং লেনদেনে ব্যবসায়ীরা ভীষণভাবে বাধাগ্রস্ত হন।

৪. সুদের বোঝা বাড়ে: সাধারণভাবে ব্যবসায়ীদের ১৪-১৫ শতাংশ ব্যাংক সুদ গুনতে হয়। কিন্তু লম্বা ছুটির কারণে এই সুদ বেড়ে ২৫-৩০ শতাংশে দাঁড়ায়।

৫. নিরাপত্তা ঝুঁকি: ৫-৭ দিনের ছুটিতে হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়। এই বিপুল পরিমাণ অর্থ ঘরে বা ব্যবসাপ্রতিষ্ঠানে রাখা সম্ভব নয়। ফলে ব্যবসায়ীদের জানমাল নিয়ে চরম টেনশনে দিনরাত অতিবাহিত করতে হয়। লম্বা ছুটির কারণে চুরি, ডাকাতি ও ছিনতাই অস্বাভাবিকভাবে বেড়ে যায়।

সমিতি জানায়, বর্তমানে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে ৫-৬ ঘণ্টার বেশি সময় লাগে না। তাহলে কেন এই ছুটির ফাঁদে দেশকে ফেলতে হবে? পর্যটন খাত, জ্বালানি খাত, হোটেল-রেস্তোরাঁ খাতসহ সকল খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ অবস্থায় দেশের সামগ্রিক বাণিজ্যিক কার্যক্রম সচল রাখতে সপ্তাহে এক দিন ব্যাংক বন্ধ রাখার ব্যবস্থা গ্রহণ করতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছে দোকান মালিক সমিতি। আবদুল্লাহ আল মুতী আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর