উল্লাপাড়ায় ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
এরশাদ বিন মজিদ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও নকল শিশুখাদ্য বিক্রির দায়ে ৬ প্রতিষ্ঠানকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
সলপ এলাকায় অভিযান:
সলপের ঘোল-মাঠা ও দইয়ের কারখানাগুলোতে অভিযানে লেবেলবিহীন পণ্য উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশ এবং অনুমোদনহীন রাসায়নিক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
১. সলপ ঘোল এন্ড সাদেক খান দই ঘর - ৫০,০০০ টাকা
২. সলপ দই ঘর - ৫০,০০০ টাকা
৩. সলপ মাঠা ঘোল দই ঘর - ১০,০০০ টাকা
৪. সলপ কাশেম ঘোল মাঠা দই এন্ড মিষ্টান্ন ভাণ্ডার - ১,০০,০০০ টাকা (নিরাপদ খাদ্য আইনে)
এসময় মিল্ক অ্যানালাইজারের মাধ্যমে দুধের মান পরীক্ষা করা হয়। পরীক্ষায় দুধে ফ্যাটের পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে কম পাওয়া গেছে বলে জানান জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা।
উল্লাপাড়া বাজারে অভিযান:
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে শিশু খাদ্যের দোকানে অভিযান চালানো হয়।
৫. মেসার্স শফিকুল স্টোর - ১০,০০০ টাকা
৬. মেসার্স শরিফ স্টোর - ২০,০০০ টাকা
এছাড়া বাজারে গ্যাস সিলিন্ডারের দাম ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।
অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও উল্লাপাড়া মডেল থানা পুলিশ সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।