উল্লাপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৬ ঘোল-মাঠার দোকানে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা, ব্যবসায়ীর ক্ষোভ*
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
গতকাল ৮ অক্টোবর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভোক্তা অধিকারের যৌথ টিম উপজেলার বিভিন্ন ঘোল ও মাঠার দোকানে অভিযান চালায়। এ সময় খাদ্যে অননুমোদিত উপাদান ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ৬টি দোকানকে মোট ২ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের পর স্থানীয় এক ব্যবসায়ী আব্দুল মালেক খান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি লেখেন, "খাবার সোডা বাংলাদেশের কোন আইনে নিষিদ্ধ? ব্যবসা করতে না দিলে সরাসরি বলেন কিন্তু এভাবে প্রতিনিয়ত প্রশাসনের সহযোগিতায় চাঁদাবাজি বন্ধ করেন।"
তার এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। ব্যবসায়ীদের কেউ কেউ তার বক্তব্যের সাথে একমত হলেও, ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা বলছেন, ভেজাল বিরোধী নিয়মিত অভিযান জনস্বাস্থ্য সুরক্ষার জন্যই করা হয়।
এ বিষয়ে উপজেলা প্রশাসন বা ভোক্তা অধিকারের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।