দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী*
নিজস্ব প্রতিবেদক: তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে করার দিন শেষ। এখন থেকে দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে ধরা পড়বে আগের বিয়ের তথ্য — এমনটাই জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ শনিবার (৩ অক্টোবর) রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে নিকাহ রেজিস্ট্রারদের (কাজী) জন্য আয়োজিত ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে দেশের সব কাজীকে ডিজিটাল নিবন্ধন ব্যবস্থার আওতায় আনা হচ্ছে এবং তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, নতুন সফটওয়্যারে বিয়ে ও তালাকের তথ্য সংরক্ষিত থাকবে এবং তা পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম নিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে। ফলে কেউ এক জায়গায় বিয়ে করে তথ্য গোপন করে অন্য জায়গায় আবার বিয়ে করতে গেলে অনলাইনেই আগের বিয়ের তথ্য দেখা যাবে।
আইনমন্ত্রী আরও বলেন, এই ব্যবস্থা বাল্যবিবাহ ও বহুবিবাহ রোধে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি কোনো ব্যক্তির মৃত্যুর পর সম্পত্তি নিয়ে একাধিক স্ত্রী বা সন্তানের দাবি উঠলে নিবন্ধিত তথ্য থেকেই প্রকৃত সত্য যাচাই করা যাবে। এতে পারিবারিক মামলা-মোকদ্দমা কমবে।
বিদেশে স্ত্রী নেওয়ার ক্ষেত্রেও এই ডিজিটাল তথ্য কাজে লাগবে বলে জানান তিনি। বিদেশে থাকা বাংলাদেশিদের বৈবাহিক তথ্য সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকেও যাচাই করা সম্ভব হবে।
অনুষ্ঠানে আইনমন্ত্রী আরও জানান, ঢাকার সাব-রেজিস্ট্রার অফিসের সিন্ডিকেট ভাঙতে শিগগিরই লটারির মাধ্যমে পদায়ন শুরু করা হয়েছে
আজকের বার্তা






মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।