আবদুল্লাহ আল মুতী বাবু
বার্তা সম্পাদক আজকের বার্তা
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি - নিজস্ব প্রতিবেদক:
উল্লাপাড়ায় যানজট নিরসনে অবৈধ ফুটপাত উচ্ছেদ ও পার্কিং নিষিদ্ধ করল পৌর কর্তৃপক্ষ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তীব্র যানজট নিরসনে কঠোর পদক্ষেপ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। পৌর শহরের অবৈধ ফুটপাতের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ সড়কে সকল ধরনের পার্কিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আজ ১১ অক্টোবর ২০২৬, শনিবার দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।
পৌর সূত্রে জানা গেছে, সরকারি আকবর আলী কলেজের দক্ষিণ গেট থেকে পৌর উন্মুক্ত মঞ্চ পর্যন্ত অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাতের দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি যানজট কমাতে এই অংশে একটি বিকল্প রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া সরকারি আকবর আলী কলেজের মেইন গেট থেকে উল্লাপাড়া ওভার ব্রিজ পর্যন্ত সড়কের দুই পাশে সকল ধরনের যানবাহন পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এ বিষয়ে উল্লাপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা জনাব আশরাফুল ইসলাম বলেন, "উল্লাপাড়া পৌর শহরকে যানজট মুক্ত ও জনবান্ধব করতে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। অবৈধ দখল উচ্ছেদ এবং যত্রতত্র পার্কিং বন্ধে পৌরবাসীর সহযোগিতা কামনা করছি। আইন অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা। তারা মনে করছেন, এতে শহরের যান চলাচল স্বাভাবিক হবে এবং পথচারীদের চলাচল সহজ হবে।
সূত্র: আজকের বার্তা ২৪ বিডি







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।